দীর্ঘ ২২ বছর পর নরসিংদী জেলার বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে। গত ৬ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে সভাপতি এবং মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে, কমিটি গঠনের পরপরই নতুন কমিটির সভাপতি আশিক সুজন মামুনকে নিয়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নন—এমন অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবি জানান।
এই প্রতিবাদের জেরে ৭ এপ্রিল (মঙ্গলবার) বেলাব বাজার কলেজ রোডে টায়ারে আগুন জ্বালিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানান পদবঞ্চিত নেতারা। খবর পেয়ে বেলাব থানা অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিবাদকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
নবগঠিত কমিটির সভাপতি আশিক সুজন মামুন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের আমলেও রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তিনি নরসিংদী জেলা কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলের প্রতি তাঁর দায়িত্ববোধ ও কার্যক্রম বিবেচনা করে স্বাস্থ্যমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তাঁকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মনোনীত করেছেন। তিনি অভিযোগ করেন, তাঁর প্রতিপক্ষরা যারা সভাপতি হতে চেয়েছিল, তারা কিছু ভাড়াটিয়া লোক দিয়ে বেলাবো বাজারের কলেজ রোডে টায়ারে আগুন লাগিয়েছে।
আশিক সুজন মামুন আরও জানান, তাঁর বিরুদ্ধে বিবাহিত হওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এআই (AI) দ্বারা তৈরি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া এবং অপপ্রচার। তিনি এ ঘটনার বিচার চান এবং নিন্দা জানান।
রিপোর্টারের নাম 
























