ফেসবুকে পোস্ট শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ভোলার জামায়াত কর্মী বিবি সাওদা জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা জেলা ও দায়রা জজ আদালত থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তিনি বাকস্বাধীনতা রক্ষার দাবি জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের শহীদের রক্ত কি বৃথা যাবে? যদি কথা বলার অধিকারই না থাকে, তবে কেন এত প্রাণহানি হলো?
বিবি সাওদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়া এই নারীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে না পারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৫ এপ্রিল গভীর রাতে ভোলা পৌরসভার যমযম টাওয়ারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
উল্লেখ্য, দেশের বর্তমান জ্বালানি সংকট নিয়ে অন্য একজনের ফেসবুক পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছিলেন সাওদা। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তানের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যা ছিল চরম অমানবিক। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সমবেত জামায়াতের নারী কর্মীদের উপস্থিতিতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং দেশে গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























