বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস। সোমবার সংসদ ভবনে অবস্থিত চিফ হুইপের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধনের পদ্ধতি এবং কার্যকর সংসদ গঠনে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। চিফ হুইপ এ সময় বলেন, গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন যে, ব্যক্তিস্বার্থে পূর্ববর্তী সরকার সংবিধানে অনেক পরিবর্তন এনেছে, যা জনগণের স্বার্থে পুনরায় জনবান্ধব করতে হবে। তবে বিদ্যমান সংবিধান বাতিল করার সুযোগ নেই এবং সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সংবিধান পরিবর্তন আনা হবে।
তিনি আরও বলেন, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সবার মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে চায় সরকার। প্রধানমন্ত্রী বিরোধীদলকে রাজনৈতিক সৌহার্দ্য ও সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির বার্তা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জয়লাভের পর বিরোধীদলীয় নেতার বাসায় গিয়েছেন এবং বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব দিয়েছেন। এছাড়া, আনুপাতিক হারে সংসদের স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে, যাতে সংসদকে গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত করা যায়।
এ সময় স্টুয়ার্ট জেমস বর্তমান সরকারের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে গৃহীত জনবান্ধব উদ্যোগগুলোর প্রশংসা করেন।
রিপোর্টারের নাম 

























