সিলেট মহানগরীতে ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক ছিনতাই চেষ্টার অভিযোগে মনিজুল আহমদ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মনিজুল সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং স্থানীয় ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। মনিজুল মূলত আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ইতিপূর্বে চোরাচালান এবং পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছিল।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই অবৈধ ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। পুলিশি বাধার মুখে চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেলে মনিজুল আহমদ ও তার সহযোগীরা জব্দকৃত ট্রাকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের ওপর চড়াও হন। এ ঘটনার একটি ভিডিও সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গ্রেপ্তারকৃত মনিজুলকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























