দেশজুড়ে ব্যাপক পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর হারিয়ে যাওয়া ফেসবুক পেজটি পুনরায় সচল হয়েছে। সোমবার সকালে ‘তাজু ২.০’ নামক পেজটিতে একটি ভিডিও আপলোড করে তিনি নিজেই এই সুখবর দেন। পেজটি ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করার পাশাপাশি যারা এই সময়ে তার পাশে ছিলেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
প্রায় ১০ মিনিটের ওই ভিডিও বার্তায় তাজু জানান, হঠাৎ করে পেজটি হারিয়ে যাওয়ায় তিনি বেশ দুশ্চিন্তায় পড়েছিলেন। পরে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতায় সেটি উদ্ধার করা সম্ভব হয়। তিনি আরও বলেন, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের সংগ্রামী জীবনকাহিনী ও গ্রামীণ জনপদের বৈচিত্র্য তুলে ধরার যে লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেছেন, তা অব্যাহত রাখতে চান। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত রবিবার দুপুরের পর থেকে তাজুর প্রায় ১১ লাখ অনুসারীর পেজটি হঠাৎ উধাও হয়ে যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্বাধীনতা দিবসে সরকারি দামে জিলাপি বিক্রির একটি ভিডিও ভাইরালের মাধ্যমে মূলত আলোচনায় আসেন তিনি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই যুবকের সহজ-সরল উপস্থাপনা দ্রুতই মানুষের মন জয় করে নেয়। মাত্র আট দিনের ব্যবধানে তার পেজের অনুসারী সংখ্যা ৬ হাজার থেকে ১১ লাখে পৌঁছানোর ঘটনাটি ছিল রীতিমতো বিস্ময়কর।
রিপোর্টারের নাম 






















