বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় মানবাধিকার কমিশন সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া অঙ্গীকারের দ্রুত বাস্তবায়ন দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই দাবি জানান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, গত এক মাস ধরে দুদকে চেয়ারম্যানের পদটি শূন্য পড়ে আছে। কমিশন কার্যকর না থাকলে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও আইনি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। অতীতেও দুদক প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার রোধে একটি স্বাধীন ও কার্যকর কমিশন গঠন এখন সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে জানানো হয়, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের সদিচ্ছা থাকলেও তার বাস্তবায়ন নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন হিসেবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা যথাযথভাবে পালনের আহ্বান জানান টিআইবি নেতারা। অনুষ্ঠানে সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























