রাজবাড়ী জেলা শহরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫) নামে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এবং রাজবাড়ীর এক সাংবাদিকের মা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পারিবারিক মামলার কাজে রাজবাড়ী আদালতে এসেছিলেন সেলিনা। আদালত প্রাঙ্গণে আত্মীয়দের রেখে তিনি একাই শহরের একটি হোটেলে নাশতা করতে যান। নাশতা শেষে পুনরায় রিকশাযোগে আদালতে ফেরার পথে অসাবধানতাবশত তার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর রিকশাচালক ও স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























