যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ইরানের শীর্ষ নেতা ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি বলেছেন, ট্রাম্প এখনো ‘প্রস্তর যুগে’ আটকে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরেফ এমন মন্তব্য করেছেন।
আরেফ বলেন, ‘গত রাতে ট্রাম্প যুদ্ধকে অজুহাত হিসেবে দেখিয়ে আমেরিকান জনগণের জন্য শিশু পরিচর্যা ও স্বাস্থ্যসেবা প্রদানে তার অক্ষমতার কথা বলেছেন, এবং আজ তিনি ইরানকে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করার হুমকি দিয়েছেন।’ সম্প্রতি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ট্রাম্প তার সরকারের পক্ষে চিকিৎসা ও শিশু পরিচর্যা খাতে অর্থায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন, কারণ সরকার সামরিক ব্যয়ের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।
ইরানের শীর্ষ নেতা আরও লিখেছেন, “যে ব্যক্তি নিজের জনগণের কল্যাণ ত্যাগ করে অন্যদের হুমকি দেয়, সে এখনও ‘প্রস্তর যুগে’ আটকে আছে।” তিনি জোর দিয়ে বলেন, চাপের মুখেও ইরান উন্নয়ন ও নির্মাণের পথ বেছে নিয়েছে। উল্লেখ্য, এর আগে ট্রাম্প একাধিকবার ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন, যার জবাবেই আরেফ এই মন্তব্য করেছেন।
রিপোর্টারের নাম 
























