ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ফটোজিয়াম: লাইফ অব পোয়েট্রি’ শীর্ষক এই প্রদর্শনীটি আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে এবং এটি নাসির আলী মামুনের ৬৬তম একক প্রদর্শনী। এই আয়োজনে বাংলাদেশের দুই কিংবদন্তি কবি শামসুর রাহমান ও আল মাহমুদকে নিয়ে নির্মিত তাঁর সাদা-কালো প্রতিকৃতি এবং আর্কাইভাল উপকরণের একটি বিশেষ সংগ্রহ স্থান পেয়েছে। আলোকচিত্রের দ্বিশতবার্ষিকী উপলক্ষে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে প্রায় ৬০টি আলোকচিত্র স্থান পেয়েছে, যা সাদা-কালো আলোকচিত্রের চিরন্তন সৌন্দর্যকে তুলে ধরেছে। আলো-ছায়ার সূক্ষ্ম ব্যবহার, সংযত বিন্যাস এবং অন্তরঙ্গ ফ্রেমিং দর্শককে কবিদের ব্যক্তিত্ব ও অন্তর্জগতের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে সহায়তা করছে।
প্রদর্শনীর একটি বিশেষ আকর্ষণ হলো দুই কবির একটি ঐতিহাসিক সাক্ষাতের ভিজ্যুয়াল দলিল। দীর্ঘদিনের মতপার্থক্যের পর ২০০৪ সালের ৩১ মে রাজধানীর শ্যামলীতে শামসুর রাহমানের বাসভবনে নাসির আলী মামুনের উদ্যোগে তাঁদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল। সে সময় ধারণকৃত আলোকচিত্র ও ভিডিও, যা পরে প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল, তা এই প্রদর্শনীতে উপস্থাপিত হচ্ছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে নাসির আলী মামুন দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি ধারণ করে একটি গুরুত্বপূর্ণ ভিজ্যুয়াল আর্কাইভ নির্মাণ করেছেন। ‘ক্যামেরার কবি’ হিসেবে পরিচিত এই শিল্পীর কাজ বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয়।
রিপোর্টারের নাম 

























