ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন দেশটির অর্ধেকেরও বেশি নাগরিক। সম্প্রতি রয়টার্স-ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মার্কিন নাগরিক আশঙ্কা করছেন যে যুদ্ধের ফলে তাদের ব্যক্তিগত ও জাতীয় অর্থনৈতিক অবস্থা সংকটে পড়বে। বিপরীতে মাত্র ৭ শতাংশ মানুষ মনে করেন যে এই যুদ্ধ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
গত ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত পরিচালিত এই জরিপে ১ হাজার ২১ জন মার্কিন নাগরিক অংশ নেন। জরিপের ফলাফলে দেখা যায়, কেবল অর্থনীতি নয়, মার্কিন সেনাদের জীবন নিয়েও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। প্রায় ৮৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটলে তা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে।
এছাড়া মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়েও সন্দিহান মার্কিনীরা। জরিপে অংশ নেওয়া ৫২ শতাংশ মানুষ মনে করেন, মার্কিন সামরিক অভিযান ওই অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল ও অস্থিতিশীল করে তুলবে। মাত্র ২১ শতাংশ উত্তরদাতা মনে করেন পরিস্থিতির উন্নতি হতে পারে। সামগ্রিকভাবে এই জরিপটি প্রকাশ করছে যে, বিদেশের মাটিতে নতুন কোনো ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ যুদ্ধে জড়াতে মার্কিন জনগণের প্রবল অনীহা রয়েছে।
রিপোর্টারের নাম 






















