বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, সরকারের এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত জনজীবন ও শিল্প-কলকারখানার উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, এলপিজি নাগরিকদের দৈনন্দিন জীবনের একটি অত্যাবশ্যকীয় পণ্য। এর মূল্যবৃদ্ধি জনগণের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলবে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য জ্বালানির এই বাড়তি ব্যয় বহন করা অত্যন্ত কষ্টকর হবে। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা জনস্বার্থবিরোধী।
তিনি আরও বলেন, এমন সিদ্ধান্তের ফলে জনজীবন ও শিল্প-কারখানায় উৎপাদন খরচ বাড়বে, যা নিত্যপণ্যের দাম বৃদ্ধিতেও প্রভাব ফেলবে। এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসে প্রয়োজনীয় আমদানি বা উৎপাদন বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার উল্লেখ করেন যে, ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের এলপিজি প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছে, যা নজিরবিহীন। এর ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১ হাজার ৭২৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৩৪1 টাকা। অর্থাৎ, ১২ কেজিতে দাম বেড়েছে ৩৮৭ টাকা।
এছাড়াও, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও বড় ব্যবধানে বাড়ানো হয়েছে। চলতি মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মার্চ মাসে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা। অটোগ্যাসের দাম বাড়ানোয় পরিবহন খাতেও ব্যাপক প্রভাব পড়বে এবং জনগণ আর্থিকভাবে চাপে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সরকারকে সামগ্রিক দিক বিবেচনা করে জনজীবনকে স্বস্তিদায়ক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 

























