কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হবে কৃষি খাত। মঙ্গলবার সচিবালয়ে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও পরিবেশ কৃষির জন্য অত্যন্ত অনুকূল। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ করলে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও বিপুল পরিমাণ খাদ্য উৎপাদন সম্ভব। গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী করতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে আগামীর বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও দেশকে সবুজায়নের লক্ষ্যে সরকার দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।
রিপোর্টারের নাম 

























