চলমান তারল্য সংকট ও অর্থ উত্তোলনের চাপের মুখেও ইসলামী ব্যাংকের গ্রাহক সেবার মান আগামী দিনগুলোতে আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন। রবিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইনের নেতৃত্বে দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নেন। বৈঠকে ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং গ্রাহক সেবা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।
আলতাফ হুসাইন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাজ চলছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ কোটি টাকা উত্তোলন হলেও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সোমবার থেকে গ্রাহকদের সেবার মান আরও বাড়বে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ইসলামী ব্যাংককে নগদ সহায়তা (ক্যাশ সাপোর্ট) প্রদান করেছে। এই অর্থের ব্যবহার এবং ব্যাংকের ভবিষ্যৎ তারল্য চাহিদা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। ব্যাংকের চলতি হিসাব বর্তমানে ইতিবাচক অবস্থায় রয়েছে এবং প্রযুক্তিগত ব্যবস্থাও দ্রুত সচল করা হচ্ছে। আশা করা যায়, অল্প সময়ের মধ্যেই ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি চালু হবে।
চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত অস্থিরতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক ইস্যু এবং ব্যবস্থাপনার বিষয় নয়। ব্যাংক ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব হলো ব্যবসা ও গ্রাহকসেবা স্বাভাবিক রাখা। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা এবং গ্রাহকদের সহযোগিতায় দ্রুতই ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়ার পর গ্রাহকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন ব্যাংকের কার্যক্রমে বিঘ্ন ঘটায় এবং গ্রাহকদের প্রত্যাশিত সময়ে ব্যাংকিং সেবা দিতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি গ্রাহকদের উদ্বেগকে গভীরভাবে উপলব্ধি করার কথা জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেন।
রিপোর্টারের নাম 
























