কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর প্রায় ১২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ ইউনুস আরমান নামের এক রোহিঙ্গা তরুণ। বিভিন্ন দেশের দাতাদের সহযোগিতায় সংগৃহীত এই কোরবানির মাংস কয়েকটি পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে ঈদুল আজহা উপলক্ষে বিতরণ করা হয়।
জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও তিনি অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কোরবানির মাংস বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেন। তার এই উদ্যোগের ফলে রোহিঙ্গা ও স্থানীয় দরিদ্র পরিবারের সদস্যদের মুখে ঈদের আনন্দ ও হাসি ফুটে ওঠে। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত সহায়তা এবং কয়েকটি সহযোগী সংস্থার সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমের আওতায় প্রায় ১২ হাজার পরিবার কোরবানির মাংস পেয়ে উপকৃত হয়েছে।
মানবিক এই উদ্যোগের প্রশংসা করে উপকারভোগীরা বলেন, অর্থনৈতিক সংকটের কারণে অনেক পরিবার নিজেরা কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকলেও এই সহায়তার মাধ্যমে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন। প্রতিবছর ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখায় সংশ্লিষ্ট রোহিঙ্গা তরুণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও উপকারভোগীরা। তার এই মানবিক প্রচেষ্টা অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
রোহিঙ্গা তরুণ মোহাম্মদ ইউনুস আরমান বলেন, নতুন করে রোহিঙ্গা আসার সময় প্রথমে বাংলাদেশের মানুষ আমাদের পাশে ছিলেন। বিভিন্ন দেশের মানবিক সহায়তা ও সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রায় ১২ হাজার রোহিঙ্গা ও স্থানীয় হতদরিদ্র পরিবারের কাছে কোরবানির মাংস পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
রিপোর্টারের নাম 



















