বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের ঘোষিত কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান উৎপাদক শ্রেণি শ্রমিক ও কৃষকদের বিশেষ কোনো স্থান দেওয়া হয়নি। তিনি উল্লেখ করেন যে, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ঘোষণা করা হলেও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কোনো খবর নেই এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হয়নি।
রবিবার (আজ) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সাইফুল হক আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি জাতীয় স্বার্থ ও নিরাপত্তাবিরোধী এবং এটি বাংলাদেশের ওপর এক ধরনের আদেশনামা। এই চুক্তি বহাল থাকলে বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বা স্বাধীন সম্পর্ক গড়ে তুলতে পারবে না। তিনি সংসদে আলোচনা করে এই চুক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বন্ধুত্বের বার্তাকে স্বাগত জানিয়ে সাইফুল হক বলেন, তার এই বার্তা আন্তরিক হলে অবিলম্বে ভারতকে বিএসএফ কর্তৃক সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। তিনি বলেন, ভারত এখন পর্যন্ত বাংলাদেশের সৎ প্রতিবেশীর পরিচয় দিতে পারেনি। সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সাথে অমীমাংসিত বিষয়সমূহের সমাধানে ভারতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার, বাবর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে দেশের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। এরপর দলটির শোভাযাত্রা দোয়েল চত্বর, হাইকোর্ট, তোপখানা রোড ও বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রিপোর্টারের নাম 





















