সংবিধান সংস্কারের বিষয়ে সরকারি দল যত দ্রুত উপলব্ধি করবে, দেশের সংকট তত দ্রুত নিরসন হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় দেশের বিশাল জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা পূরণে তারা আপসহীন মনোভাব নিয়ে অগ্রসর হবেন। প্রায় ৭০ ভাগ মানুষের সমর্থনপুষ্ট এই দাবি আদায়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
সম্প্রতি ঈদ-পরবর্তী সফরে সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ দুটি ভোট চেয়েছে – একটি গণভোট এবং অন্যটি সংসদ নির্বাচনের ভোট। জনগণ তাদের উভয় ভোটই দিয়েছে। একটি ভোট হালাল হলে অন্যটি হারাম হওয়ার কোনো সুযোগ নেই। যদি একটি ভোট হারাম প্রমাণিত হয়, তবে অন্যটিও হালাল থাকতে পারে না।
জামায়াত আমির আরও বলেন, তারা জাতির সামনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণ তা গণভোটের মাধ্যমে সমর্থন করেছে। এই গণভোটের বিরোধিতা করা হলে তা অত্যন্ত দুঃখজনক হবে। তিনি জনগণের সর্বোচ্চ রায়কে সম্মান জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ঢাকা থেকে সিলেট আসার পথে রাস্তার বেহাল দশা দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শুধু সড়ক নয়, সিলেটের সকল খাতেই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন যে, সিলেটের উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও তার বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বিরোধী দল হিসেবে তারা জনগণের পক্ষে দাবি তুলবেন, তবে এর বাস্তবায়ন সরকারের দায়িত্ব বলে তিনি মনে করেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়।
রিপোর্টারের নাম 

























