ঢাকা থেকে বান্দরবানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে সৌদিয়া পরিবহনের বাসটি এই দুর্ঘটনার শিকার হয়।
এই ঘটনায় বাসটির সুপারভাইজারসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত পর্যটকদের উদ্ধারে এগিয়ে আসেন। সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
সংবাদ পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, দুর্ঘটনাকবলিত বাস থেকে অনেক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকাংশ পর্যটক সামান্য আহত হলেও বাসটির সুপারভাইজারসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানিয়েছেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহত পর্যটকদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। তারা সকলেই বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে গত রাতে ঢাকা থেকে রওনা হয়েছিলেন।
রিপোর্টারের নাম 

























