বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি, লেখক এবং সম্পাদক আবিদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ২২ মার্চ। সত্তর দশকের অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত আবিদ আজাদ ১৯৫২ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘ঘাসের ঘটনা’ প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি পাঠক মহলে ব্যাপক সমাদৃত এবং সমালোচকদের কাছে প্রশংসিত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘আমার মন কেমন করে’, ‘বনতরুদের মর্ম’, ‘শীতের রচনাবলী’, ‘আবিদ আজাদের প্রেমের কবিতা’, ‘তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে, রেলগাড়ি থামে’, ‘আরো বেশি কুয়াশার দিকে’, এবং ‘হাসপাতালে লেখা’। এছাড়াও তিনি ‘এইবেলা’ ও ‘রূপকথা’ উপন্যাসের মাধ্যমেও পাঠক মন জয় করেন। সম্প্রতি তার চার খণ্ডের ‘আবিদ আজাদ রচনাবলি’ প্রকাশিত হয়েছে।
আবিদ আজাদ সাহিত্যের কাগজ ‘শিল্পতরু’র সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার (১৯৭৬), শহীদ জিয়া স্মৃতি পুরস্কার (১৯৮৩), আমি তুমি ও সে পুরস্কার (১৯৮৪), চারণ সাহিত্য পুরস্কার (১৯৮৬), আবুল হাসান স্মৃতি পুরস্কার (১৯৮৯), মাইকেল মধুসূদন একাডেমী পুরস্কার (১৯৯৪, পশ্চিমবঙ্গ) এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৮) মরণোত্তর লাভ করেন। ২০০৫ সালের ২২ মার্চ মাত্র ৫২ বছর বয়সে ঢাকার শমরিতা হাসপাতালে এই গুণী কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুবার্ষিকীতে কবির পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























