জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সংবিধান ভারতের অনুকরণে তৈরি এবং এটি মুজিববাদী সংবিধান। তিনি এই ‘ফ্যাসিবাদী’ সংবিধানের বিরোধিতা করে বলেন, এই সংবিধানের কারণেই অতীতে বহু মানুষ জীবন দিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদর উপজেলা শাখার আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী জোর দিয়ে বলেন, বাংলাদেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে সবার আগে সংবিধান পরিবর্তন করতে হবে। তিনি বলেন, ‘এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি। এটি পরিবর্তন করতে পারলে শেখ হাসিনার মতো কেউ স্বৈরাচারী হতে পারবে না। আমরা বাংলাদেশের নিজস্ব সংবিধান চাই। যদি তারা এটি পরিবর্তন না করে, তবে আমাদের এই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার আন্দোলনে যেতে হতে পারে।’
তিনি আরও বলেন, ‘এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে শেখ হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না। আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে শেখ হাসিনার কাছেই চলে যান।’ এই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ এবং এনসিপির চাঁদপুর সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী তামিম খান উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























