মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলার গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিমান ও পর্যটনমন্ত্রী এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল করিম, উপাধ্যক্ষ ডা. বোরহান উদ্দিন আহাম্মেদ, হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহম্মেদ আমিনী, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লে. কর্নেল জহিরুল ইসলামসহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা, ফিজিওথেরাপি, মেডিকেল টেস্ট এবং ভর্তি রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফ্যাব্রিক্স ও হুরুন নাহার জামে মসজিদে আয়োজন করা হয় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল।
আফরোজা খানম রিতা কবর জিয়ারতের পর মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন এবং মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে, মানিকগঞ্জে এই প্রথম মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার বেডের আইসিইউ ইউনিটের উদ্বোধন এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখায় চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন মন্ত্রী।
স্মৃতিচারণ করতে গিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘আমার বাবা ছিলেন একজন সততার প্রতীক ও আপসহীন নেতা। তার জীবনদর্শন আমার চলার পথের প্রেরণা। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি।’
রিপোর্টারের নাম 




















