লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামে আরমান হোসেন (৩১) নামের এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। থানায় অভিযোগ দায়ের এবং পানিসম্পদমন্ত্রীকে বিষয়টি জানানোর জেরে শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। এই হামলার পেছনে দত্তপাড়া ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সদস্য হুমায়ুন কবির (৫৫) ও তার সহযোগীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
গুরুতর আহত আরমানকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরমান পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সকালে রাস্তার পাশে গাছের ডাল রাখা নিয়ে আরমানের সঙ্গে অভিযুক্ত হুমায়ুনের কথা কাটাকাটি হয়। এর জেরে হুমায়ুন আরমানকে মারধর করে। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দকে জানালে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এরপর আরমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগের খবর পেয়ে হুমায়ুন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ দায়েরের দুদিন পর সে দ্বিতীয় দফায় আরমানকে মারধর করে। সর্বশেষ শুক্রবার (২০ মার্চ) দুপুরে আরমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে এই বিষয়টি জানান। এতে হুমায়ুন চরমভাবে ক্ষুব্ধ হয়।
আরমানের স্বজনরা জানান, মন্ত্রীকে বিষয়টি জানানোর পর হুমায়ুন কবিরের নেতৃত্বে ১০-১২ জন লোক শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে আরমানের ওপর পুনরায় আক্রমণ করে। হামলাকারীরা ইট দিয়ে আরমানের পায়ে আঘাত করে এবং ছুরি দিয়ে ডান পায়ে আঘাত করে রগ কেটে দেয়।
অভিযুক্ত হুমায়ুন কবির একই গ্রামের ঠাকুর বাড়ির ফজলুল করিমের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ৭ আগস্ট জেলা যুবদল তাকে ইউনিয়ন যুবদলের সদস্য পদ থেকে বহিষ্কার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল করিম জানান, আরমান ও হুমায়ুনের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। গাছের ডালপালা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হলে আরমান থানায় অভিযোগ করেন। পরে হুমায়ুন দাবি করেন যে আরমান তাকে মারধর করেছেন। সর্বশেষ হুমায়ুন ক্ষিপ্ত হয়ে আরমানের ওপর হামলা করেছে। এসআই বলেন, আইন নিজেদের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।
রিপোর্টারের নাম 























