কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। এবার আগত মুসল্লিদের নিরাপত্তায় কাজ করবে প্রায় ১১০০ পুলিশ সদস্য। একই সঙ্গে থাকবে র্যাবের ৬টি দল, ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনী এবং ৫ প্লাটুন আনসার সদস্য।
ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি এবং পুলিশ সুপার জানিয়েছেন, জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের কর্মকর্তারা দফায় দফায় শোলাকিয়া ময়দান পরিদর্শন করেছেন। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঈদগাহ ময়দানকে তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। ঈদের দিন শোলাকিয়ায় বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে।
স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, এবার সাদা পোশাকে পুলিশ সদস্যসহ মোট ১১০০ জন পুলিশ, র্যাবের ৬টি দল, ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনী ও ৫ প্লাটুন আনসার সদস্য কাজ করবে। এছাড়া নিরাপত্তায় মাঠে ৪টি ওয়াচটাওয়ার স্থাপন করা হয়েছে, যার মধ্যে ২টি পুলিশ এবং ২টি র্যাব ব্যবহার করবে। মাঠসহ আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ঈদের দিন মাঠের বিভিন্ন প্রান্তে ১৩টি আর্চওয়ে থাকবে। ড্রোন ক্যামেরাও ব্যবহার করা হবে এবং ঢাকা থেকে আসবে বোম ডিসপোজাল টিম। ঈদের দিন ফায়ার সার্ভিস ও ছয়টি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম প্রস্তুত থাকবে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ঈদগাহ পরিচালনা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে ঈদের দিন মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ নিয়ে মাঠে আসার অনুরোধ জানিয়েছে। মুসল্লিদের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেন থাকছে।
এছাড়াও ২৮টি প্রবেশ পথে হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে নিরাপত্তা কর্মীরা আগত মুসল্লিদের দেহতল্লাশি করে ঈদগাহে প্রবেশের ব্যবস্থা করবে। ঈদের আগের দিন থেকে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। এর পাশাপাশি পুলিশের গোয়েন্দা সংস্থা ও র্যাব সদস্যরা বিশেষ নজরদারি করবেন।
এবার শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল ফিতরের বৃহত্তম ঈদের জামাত। সকাল ১০টায় অনুষ্ঠেয় এই জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
উল্লেখ্য, ২০১৬ সালে এই মাঠে অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতের আগে প্রবেশ পথের নিরাপত্তা চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, যার পরিপ্রেক্ষিতে প্রতি বছরই এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
রিপোর্টারের নাম 























