চলতি বছরের জানুয়ারি মাসে দেশের ইসলামী ব্যাংকগুলোর আর্থিক সূচকে এক ধরনের অবনতি লক্ষ্য করা গেছে। এই সময়ে ব্যাংকগুলোর মোট আমানত প্রায় দুই হাজার ৫৬৯ কোটি টাকা এবং বিনিয়োগ ১৭৬ কোটি টাকা কমেছে। একই সাথে, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধিও নেতিবাচক হয়েছে, যদিও আমদানিতে প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জানুয়ারি মাস শেষে ইসলামী ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ ৭৩ হাজার কোটি ৬৫৭ লাখ টাকা, যা আগের মাস ডিসেম্বরের চার লাখ ৭৬ হাজার কোটি ২২৬ লাখ টাকার তুলনায় শূন্য দশমিক ৫৭ শতাংশ কম। তবে, এক বছর আগের তুলনায় আমানতের পরিমাণ ৯ দশমিক ৩৪ শতাংশ বেশি। মোট আমানতের মধ্যে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের আমানত চার লাখ চার হাজার ২৩ কোটি টাকা, প্রচলিত ব্যাংকের ইসলামী শাখাগুলোর আমানত ৪২ হাজার ৬২৩ কোটি টাকা এবং ইসলামী উইন্ডোতে আমানত ২৬ হাজার ১০ কোটি টাকা।
খাত সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি একীভূত হওয়া ব্যাংকগুলোর আমানতকারীদের দুই লাখ টাকা করে ফেরত দেওয়া শুরু হওয়ায় গ্রাহকরা সেই অর্থ তুলে নিয়েছেন, যা ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত হ্রাসের একটি অন্যতম কারণ। বর্তমানে ইসলামী ধারার ব্যাংকগুলোর বিনিয়োগ স্থিতি দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৫৭৪ কোটি টাকা, যা ডিসেম্বরের তুলনায় ১৭৬ কোটি টাকা কম। তবে, বছরের ব্যবধানে বিনিয়োগ ১১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আহরণ ডিসেম্বরের তুলনায় প্রায় সাত শতাংশ এবং রপ্তানি আয় চার শতাংশ কমেছে। তবে, এ সময়ে ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি ১৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
রিপোর্টারের নাম 

























