পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের চলচ্চিত্রাঙ্গনে বইছে উৎসবের আমেজ। ঈদকে কেন্দ্র করে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি নতুন বাংলা চলচ্চিত্র। ইতোমধ্যে ছবিগুলো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রদর্শনের অনুমতি লাভ করেছে।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন নিশ্চিত করেছেন, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’—এই ভিন্ন ধারার সিনেমাগুলো ছাড়পত্র পেয়েছে।
ঈদের সিনেমা মানেই মেগাস্টার শাকিব খানের উপস্থিতি। এবারও তিনি আসছেন গ্যাংস্টারধর্মী সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নিয়ে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার পোস্টার ও টিজারে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের এক ঝলক দেখা গেছে। লম্বা চুল ও সানগ্লাসে শাকিব খানকে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
অন্যদিকে, ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আসছেন রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’। চার নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। প্রকাশিত ‘ফার্স্ট হুইসেল’ বা টিজারে রহস্য ও টানাপড়েনের ইঙ্গিত পাওয়া গেছে।
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে নির্মাতা রেদওয়ান রনির সিনেমা ‘দম’। আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমার টিজারে নিশোর চরিত্রটিকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখা যায়। বন্দিদশা, নির্যাতন এবং মরুভূমি বা পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানোর দৃশ্যগুলো একটি বেঁচে থাকার সংগ্রামের গল্প তুলে ধরে।
ঈদের আলোচনায় আরও রয়েছে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাটি। সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি অভিনীত এই সিনেমাটি মূলত প্রেমের কাহিনি হলেও এতে ব্যাপক ভায়োলেন্স-অ্যাকশন দেখা গেছে, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
এছাড়া নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ তৈরি হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগোনো এই গল্পে যাত্রীদের ব্যক্তিগত জীবন ও নানা ঘটনা সামনে আসবে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
এই সিনেমাগুলোর টিজার ও পোস্টার নিয়ে আলোচনা চললেও, মুক্তির আগে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 

























