খুলনা নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ রোডে ফজরের নামাজের সময় এক মর্মান্তিক ঘটনায় দুর্বৃত্তের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রবিবার ভোরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কেন্দ্রের জামে মসজিদে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং মুসল্লি আলম মন্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মন্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ চলাকালীন সময়ে আনুমানিক সাড়ে ৫টার দিকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে। তারা সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লোকমানের মাথায় বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার পাশে নামাজরত আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। গুলি চালানোর পর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলি ও মুসল্লিদের চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আলম মন্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (সিটিএসবি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তকরণের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
রিপোর্টারের নাম 
























