বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বয়সের সংখ্যাকে হার মানিয়ে চলেছেন। ৮৩ বছর বয়সেও তার কাজের প্রতি নিষ্ঠা ও অদম্য উদ্যম নতুন করে মুগ্ধ করেছে ভক্তদের। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন, এক দিনেই ১২টি স্বল্পদৈর্ঘ্য ছবির শুটিং সম্পন্ন করেছেন, পাশাপাশি দুটি স্থিরচিত্রের কাজও সেরে ফেলেছেন।
শুক্রবার সারাদিন শুটিংয়ে ব্যস্ত থাকার পর গভীর রাতে বাড়ি ফিরে নিজের ব্লগে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি। অমিতাভ বচ্চন লিখেছেন, কাজই তার জীবনের মূল চালিকাশক্তি। সারাদিনের শুটিং শেষে ভক্তদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করাকেও তিনি সমান গুরুত্ব দেন। তার মতে, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মানুষের সঙ্গে এই সংযোগ বজায় রাখা। অন্যান্য কাজ চললেও ভক্তদের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতা যেন থেমে না যায়, সেদিকেও তিনি খেয়াল রাখেন।
অমিতাভ বচ্চনের এই কর্মস্পৃহা ও অধ্যবসায়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক তরুণ ভক্তই তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করছেন। বর্তমানে তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, যেখানে তার সঙ্গে প্রভাস ও কমল হাসানের মতো তারকারাও অভিনয় করছেন।
রিপোর্টারের নাম 

























