বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের স্বীকৃতি অর্জন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ আয়োজন করেছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি। বিবিএ, ইংরেজি, আইন, অর্থনীতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এই গৌরবময় অর্জন উদযাপন করতে রেডিসন ব্লু হোটেলের মোহনা বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, অ্যাক্রেডিটেশন পাওয়া একটি বড় স্বীকৃতি, তবে এই মান ধরে রাখাই আসল চ্যালেঞ্জ। তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং এই অর্জনকে চট্টগ্রামের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তারা বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে এই ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পেশাজীবনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























