সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, কুমিল্লায় নবনির্মিত আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে। রবিবার দুপুরে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন এবং ৫০০ শয্যাবিশিষ্ট কুমিল্লা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক সংক্ষিপ্ত সফরে কুমিল্লা সেনানিবাসে এসেছিলেন। ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব পাঁচ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল। রবিবার সেনাপ্রধানের উদ্বোধনের মাধ্যমে ৭.৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
বর্তমানে এই কলেজে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে ২৮৩ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত আছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়াসহ সেনা সদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তি, অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















