আমার দেশ পত্রিকার সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষাকে অবহেলা করার প্রবণতা শুরু হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে। যখন তিনি ইসলামের নামে রাজনীতি নিষিদ্ধ করেন, তখন থেকেই আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাকে অবমূল্যায়ন করার ইতিহাস শুরু হয়।
সম্প্রতি রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এই মন্তব্য করেন। ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র সংসদ ‘অগ্নিঝরা জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা : ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। কিন্তু স্বাধীনতার পর এই লড়াইকে অনেক ক্ষেত্রে ইসলামের বিরুদ্ধে লড়াই হিসেবে রূপান্তরিত করা হয়, যার ফলে আলেমদের নিগৃহীত করার সংস্কৃতি শুরু হয়। ১৯৭২ সালে আলেমদের প্রায়শই রাজাকার ও রাষ্ট্রবিরোধী হিসেবে অপমান করা হতো এবং অনেককে বিচার ছাড়াই হত্যা করা হতো।
মাহমুদুর রহমান উল্লেখ করেন যে, মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দিতে সমাজে এক ধরনের অনীহা রয়েছে। জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা থাকলেও গণমাধ্যমে তাদের নাম ও কাহিনি সেভাবে উঠে আসে না। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই মাদরাসা ছাত্রদের প্রতি বৈষম্য করা হচ্ছে। শাপলা চত্বরের ঘটনার পর যে প্রতিবাদ হওয়া উচিত ছিল, তা হয়নি, কারণ সেখানে মাদরাসা ছাত্রদের প্রতি সমাজের এক ধরনের অবহেলা পরিলক্ষিত হয়েছে।
রিপোর্টারের নাম 



















