প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘোষণা করেছেন, বিদেশগামী কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও আধুনিকায়ন করা হচ্ছে। এর লক্ষ্য হলো, প্রবাসীরা যেন সহজে সঠিক তথ্য, উন্নত সেবা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা পান। মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রবাসীদের স্বপ্ন নিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে, সে বিষয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কঠোর অবস্থানে রয়েছে।
রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম)’ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২০৩০ সালের জাতীয় কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, পরিবর্তিত বিশ্ব শ্রমবাজারের চাহিদা বিবেচনায় রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা হবে। ফলে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, যাতে প্রবাসীদের স্বপ্ন নিয়ে কেউ প্রতারণা করতে না পারে।
আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের অভিবাসন খাতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন জাতীয় কর্মপরিকল্পনা দেশের অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর করতে সহায়ক হবে। জিসিএম চ্যাম্পিয়ন দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, আইওএম-এর উপ-মহাপরিচালক (অপারেশনস) উগোচি ড্যানিয়েলস, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ।
এর আগে বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্সের সহ-সভাপতি হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ জাতীয় কর্মপরিকল্পনা এবং আইএমআরএফ ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ ও অভিজ্ঞতা তুলে ধরেন।
রিপোর্টারের নাম 



















