জামালপুরের মেলান্দহ উপজেলায় এক নারীর মৃত্যুর পর দাফন সম্পন্ন হলেও ‘জিনের বার্তা’ পাওয়ার দাবি করে তার মরদেহ কবর থেকে উত্তোলন করেছেন স্বজনরা। শনিবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে মরদেহ হাসপাতালে নিয়ে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, ওই নারী মৃতই ছিলেন। এরপর মরদেহটি পুনরায় দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হালিমা (৬৫) শনিবার সকালে অসুস্থতাজনিত কারণে মারা যান। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে সন্ধ্যার পর পরিবারের কয়েকজন সদস্য দাবি করেন, মৃত হালিমার ছেলে ও মেয়ের ওপর ‘জিনের আসর’ হয়েছে এবং তাদের মাধ্যমে বার্তা এসেছে যে হালিমা মারা যাননি; তাকে দ্রুত কবর থেকে তুলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এই দাবির পর রাত ৮টার দিকে স্বজনরা কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করেন। প্রথমে মেলান্দহে এবং পরে রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে মরদেহটি নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহটি নিজ এলাকায় ফিরিয়ে এনে রাত দেড়টার দিকে পুনরায় দাফন করেন।
রোববার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাহাদুর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “দাফনের পর পরিবারের সদস্যরা জিনের নির্দেশ পাওয়ার কথা বলে কবর থেকে মরদেহ উত্তোলন করেন। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুনরায় দাফন করা হয়েছে।” এ বিষয়ে পরিবারের সদস্যরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক জানান, বিষয়টি তাদের আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি।
রিপোর্টারের নাম 

























