খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী সোমবার দিনাজপুর সফরে আসছেন। এদিন সকাল ১০টায় বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুর বিএনপিসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সৈয়দপুর বিমানবন্দর থেকে শহরের সড়কগুলোর দুই পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন বলে আশা করা হচ্ছে। সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সৈয়দপুরে অবতরণের পর প্রধানমন্ত্রী প্রথমে কাহারোল যাবেন খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে। কর্মসূচি শেষে তিনি দিনাজপুর শহরে আসবেন। সেখানে তিনি তার নানা-নানির কবর জিয়ারত করবেন এবং সার্কিট হাউজ মাঠে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। সফর শেষে একইদিন রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
রিপোর্টারের নাম 






















