পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করা ‘কুরআনের পাখি’ খ্যাত বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হানকে মালয়েশিয়ায় এক আবেগঘন আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। প্রবাসের মাটিতে কুরআনের প্রতি ভালোবাসা, দেশপ্রেম এবং শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এই আয়োজন।
বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর উদ্যোগে মালয়েশিয়ার স্বনামধন্য মাহসা ইউনিভার্সিটি এই বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করে। মাহসা বিশ্ববিদ্যালয়ের এমপাথি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গত শুক্রবার, ১৩ মার্চ অনুষ্ঠিত এই ইফতার মাহফিলের আয়োজন করে মাহসা বিয়াম চ্যাপ্টার কমিটি। মালয়েশিয়ার প্রায় ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রবাসের ব্যস্ত জীবনেও এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে বাংলাদেশিদের ঐক্যের প্রমাণ বহন করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর কারি আবু রায়হানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা গ্রহণের সময় আবু রায়হানের চোখে-মুখে বিনয় ও কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট ছিল।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং, বিল্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির প্রভাষক মিস দিভাস্বীনি। তিনি তার বক্তব্যে বলেন, এমন ধর্মীয় ও সামাজিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহসা অ্যাভিনিউ ইন্টারন্যাশনাল কলেজের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ও বিয়াম সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর। এছাড়াও অনুষ্ঠানে পিএসআর গ্লোবাল কনসালটেন্ট-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. জিয়াউল করিম, কিচেন কেয়ার অ্যাগ্রো ফুড-এর চিফ অপারেটিং অফিসার ইয়াসির আরাফাত, প্রাণ-এর ম্যানেজিং ডিরেক্টর মুহা. সেলিম ভুঁইয়া এবং এমডি গ্লোবাল রিসোর্স এসডিএন বিএইচডি-এর ডিরেক্টর মুহা. মোশারফ হোসেন সহ বিয়ামের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির সদস্য এবং অনেক প্রবাসী শিক্ষার্থী ও অতিথি উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























