বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কিছু রাজনৈতিক দল আশঙ্কা করছে যে, যদি নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসবে। তিনি অভিযোগ করেন, ‘এজন্যই বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রয়েছে।’
বৃহস্পতিবার (৭ নভেম্বর) একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তার জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়।
তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখনও ষড়যন্ত্রের শিকার হয়; আবার যখন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখনও ষড়যন্ত্র হয়। এরই অংশ হিসেবে নতুন করে নির্বাচন বানচাল করার চক্রান্ত শুরু হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, আপনারা বিএনপি নেতাকর্মীরা সব ধরনের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকবেন এবং ঐক্যবদ্ধ হয়ে এই ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করবেন।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।
রিপোর্টারের নাম 
























