কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরকীয়াজনিত সম্পর্কের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা জজ আদালতের অতিরিক্ত জজ মো. জয়নাল আবেদীন এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার, তার বাবা নুর মোহাম্মদ, মা ছকিনা বেগম এবং নুর নাহারের পরকীয়া প্রেমিক আব্দুল গফুর। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল রাতে নুর নাহার তার স্বামীকে দাওয়াতের কথা বলে বাবার বাড়িতে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী আব্দুল গফুর ও অন্যান্য আসামিরা মিলে কেতাব উদ্দিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর লাশ বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়। দীর্ঘ ২০ বছর আইনি লড়াই শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় প্রদান করেন। মামলার বাকি অভিযুক্তদের খালাস দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























