আসন্ন ঈদে নিত্যপণ্যের বাজারে মসলার চাহিদা বেড়ে যাওয়ায় মুনাফালোভী কিছু ব্যবসায়ী ভেজাল মসলা উৎপাদন করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ভেজাল মসলা উৎপাদনের অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা ধার্য করেন।
র্যাব সূত্রে জানা যায়, ভেজাল জিরা মসলা উৎপাদন, রাসায়নিক মেশানো তালমিছরি ও বাতাসা কারখানার মালিক সুমা সরকারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ফতেহআলী বাজার এলাকার দুর্জয় স্টোরের মালিক মৃত্যুঞ্জয় কুমার সাহাকে ত্বক ফর্সা করার ক্রিম বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় এক কসমেটিকসের দোকানে নিষিদ্ধসামগ্রী বিক্রির অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ছোট ছোট কয়েকটি স্টোরসহ সর্বমোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে কারখানার কর্মচারী সাগর ইসলামকে ইয়াবা সেবনের অপরাধে গ্রেপ্তার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রিপোর্টারের নাম 






















