ভয় ও নীরবতার দেয়াল ভেঙে অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ সাহসী হলে সমাজে শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেছেন, অপরাধ দমনে শুধু পুলিশের অভিযান নয়, প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ, সময়মতো তথ্য প্রদান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ, মাদকমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
রোববার (২ আগস্ট) সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখীল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন। তিনি বলেন, অপরাধীরা সাধারণ মানুষের ভয় ও নীরবতাকে শক্তি হিসেবে ব্যবহার করে। কিন্তু মানুষ যখন ভয় কাটিয়ে আইনের প্রতি আস্থা রেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন অপরাধীদের দৌরাত্ম্য কমে আসে এবং শান্তির পরিবেশ তৈরি হয়।
পুলিশ সুপার জোর দিয়ে বলেন, শুধু একটি অপরাধীচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। অপরাধের উৎস চিহ্নিত করে ভবিষ্যতে যেন নতুন করে আর কোনো অপরাধী তৈরি না হয়, সেই ব্যবস্থা নিতে হবে। তিনি তরুণদের অপরাধের পথে যাওয়ার কারণ, অপরাধীচক্রের সঙ্গে জড়িয়ে পড়া এবং কোথায় প্রতিরোধের ঘাটতি রয়েছে, সেসব বিষয় চিহ্নিত করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধ একটি সামাজিক দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়। বিশেষ করে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য এজাহারুল ইসলামের সভাপতিত্বে ও তরুণ সংগঠক আইনুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জানান, অতীতে ভয় ও নানা চাপের কারণে অনেকেই অভিযোগ জানাতে সাহস পাননি। তবে বর্তমানে প্রশাসনের সক্রিয়তায় তারা আশাবাদী।
রিপোর্টারের নাম 




















