বাগেরহাটের মোংলায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, স্বাক্ষর ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টুকু মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের বাসিন্দা।
রবিবার দিবাগত রাতে মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। এরপর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল এবং স্ট্যাম্পেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে অবৈধভাবে প্রভাব খাটানো ও তদবির করার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। উদ্ধার হওয়া সিল-স্ট্যাম্পসহ অন্যান্য আলামত যাচাই-বাছাই করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মোংলা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কামরুজ্জামান টুকুর নাম উল্লেখ করে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনের নামে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানিয়েছেন, ‘প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মো. কামরুজ্জামান টুকু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্পেট উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 


















