কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপের পরীক্ষামূলক উত্তোলন কার্যক্রম উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) পঙ্গু করে রেখেছিল, যার কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের সময় দেশ ঝুঁকির মধ্যে পড়েছে।
শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশের নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, তার সরকার বাপেক্সের সক্ষমতা বাড়াতে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী পাঁচ বছরের মধ্যে দেশে গ্যাসের চাহিদা সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুটে (এমএমসিএফডি) পৌঁছাবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, এই চাহিদা দেশের নিজস্ব ক্ষেত্র থেকেই মেটানোর সক্ষমতা অর্জন করা হবে।
শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর ফলে মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে মোট ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
কূপটির উপপ্রকল্প পরিচালক আব্দুল বাতিন জানান, গত জানুয়ারিতে কূপটির খননকাজ শেষ হয় এবং ১৪ মার্চ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হক।
রিপোর্টারের নাম 






















