রংপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে রংপুর ছাড়াও দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।
অন্যান্য সিটি কর্পোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন: বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রুকুনোজ্জামান রোকন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে ইউসুফ মোল্লা।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এর আগে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব হিসেবে সক্রিয় রয়েছেন।
রিপোর্টারের নাম 
























