গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত লাশের তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে এই উদ্ধার অভিযান চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়ির ভাড়াটিয়ারা ডোবায় লাশের খণ্ডিত অংশ ভাসতে দেখেন।
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, দুপুরে ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে সেখানে লাশের খণ্ডিত অংশ দেখতে পান। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে লাশের তিনটি খণ্ড উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে তার পরিচয় গোপন করার উদ্দেশ্যে লাশ খণ্ড খণ্ড করে ডোবায় ফেলে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করেছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























