মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে পাঠানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে একটি কনস্ট্রাকশন কোম্পানির গেস্ট হাউজে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
নিহত পাঁচজন হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুইজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ ঘটনাস্থলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা তদন্তে এবং আহতদের সহায়তায় হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























