রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন এবং ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে। আলোচনায় পুতিন দ্রুততম সময়ে চলমান যুদ্ধের উত্তেজনা হ্রাস এবং রাজনৈতিক উপায়ে এর সমাধানের পক্ষে তার নীতিগত অবস্থান তুলে ধরেন।
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়। সেখানে ইরান যুদ্ধ এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে দুই নেতা আলোচনা করেন। ওই আলোচনার পর ট্রাম্প ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ইরান হরমুজ প্রণালির জাহাজ চলাচল রুটে মাইন বসিয়েছে এমন কোনো প্রমাণ তার কাছে নেই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা এমন কিছু করে থাকে, তবে তাদের ‘নজিরবিহীন’ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো মাইন স্থাপন করে থাকে—যদিও আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই—তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক!’ তিনি আরও বলেন, ‘অন্যদিকে, যদি তারা ইতোমধ্যে স্থাপিত মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা সঠিক পথে একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে!’
রিপোর্টারের নাম 



















