মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা ক্রমশই ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগকে পাত্তা না দিয়ে বরং ইসরাইলকে কঠোর জবাব দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাগের ক্বালিবাফ সম্প্রতি এক অনলাইন পোস্টে জানিয়েছেন, তারা যুদ্ধবিরতি চান না। বরং আগ্রাসনকারী ইসরাইলের ওপর এমন আঘাত হানতে চান যাতে তারা ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কথা চিন্তাও করতে না পারে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ক্বালিবাফ আরও অভিযোগ করেন যে ইসরাইল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বারংবার যুদ্ধ, আলোচনা ও যুদ্ধবিরতির চক্রের পুনরাবৃত্তি করে। তবে এই চক্র ভেঙে দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সেয়েদ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। লাগাতার বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলায় প্রাণহানি বাড়ছে এবং বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে পড়ছে।
প্রতিশোধ নিতে ইরানও বসে নেই। ইরানি সশস্ত্র বাহিনী দফায় দফায় ইসরাইলের দখলকৃত ভূখণ্ড এবং মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি ও ইসরাইলি স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে। তেহরানের ভাষ্যমতে, এই প্রতিরোধমূলক হামলা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। অন্যদিকে, ওয়াশিংটন-তেলআবিব জোট বলছে, তারা ইরানের আগ্রাসন ঠেকাতে যৌথ অভিযান অব্যাহত রাখবে।
রিপোর্টারের নাম 



















