ইরানের পুলিশপ্রধান আহমদ-রেজা রাদান দেশটির নাগরিকদের সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা শত্রুদের নির্দেশে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করবে, তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। যদি কেউ শত্রুর নির্দেশনায় এমন কাজ করে, তবে তা প্রতিরোধ করা হবে এবং শত্রুদের মতোই তাদের সঙ্গে আচরণ করা হবে।
একটি রাষ্ট্রীয় টেলিভিশন সাক্ষাৎকারে আহমদ-রেজা রাদান আরও বলেন, বিপ্লব রক্ষার জন্য ইরানের সকল বাহিনী প্রস্তুত এবং তারা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি।
উল্লেখ্য, গত ৮ মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানিদের ‘স্বাধীনতা অর্জনের’ আহ্বান জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় ইরানি পুলিশপ্রধান জনগণকে সরকারবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করেন।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেওয়া এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী তেহরানে শাসনব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছিলেন। সেসময়ও তিনি ইরানের সাধারণ মানুষকে ‘স্বৈরাচারের জোয়াল’ ভেঙে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ার আহ্বান জানিয়েছিলেন।
গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের একটি ঢেউ উঠেছিল, যা ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দমন-পীড়নের জন্ম দিয়েছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (হ্রানা)-এর তথ্যমতে, সেই বিক্ষোভের সময় ইরানে কমপক্ষে সাত হাজার লোক নিহত হয়েছিলেন।
রিপোর্টারের নাম 




















