র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং তাদের দুই মেয়ে ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এই আবেদনটি করেছিলেন।
দুদকের আবেদনে বলা হয়, ব্যারিস্টার মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তা পাচারের একটি গুরুতর অভিযোগ রয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখতে এবং প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইতোমধ্যে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক আরও জানায়, তদন্ত চলাকালীন তারা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছে যে, হারুন অর রশীদ এবং তার পরিবারের সদস্যরা দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। এমন আশঙ্কা করা হচ্ছে যে, তারা যেকোনো মুহূর্তে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। যদি তারা পালিয়ে যান, তবে এই অনুসন্ধান প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই, অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া অত্যন্ত জরুরি।
রিপোর্টারের নাম 





















