ইরানজুড়ে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার পাশাপাশি ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, অভিযানে তারা ইরানের একাধিক ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ইরানের শিরাজ শহরে চালানো হামলায় অন্তত দুই প্যারামেডিক প্রাণ হারিয়েছেন। এছাড়া লোরেস্তান প্রদেশে ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতভর চলা এই অভিযানে ইরানের বিভিন্ন কৌশলগত অবস্থানে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, এই বিশেষ অভিযানে তারা ইরানের অভ্যন্তরে থাকা অন্তত ছয়টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস করেছে। এছাড়া, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করার লক্ষ্যে চালানো অভিযানে তিনটি অত্যন্ত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার দাবিও করেছে তারা।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই বড় ধরনের হামলা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা ইসরাইলি দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















