উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের তখন ১৭ মিনিট। পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় পর্তুগাল। বলের সামনে চিরচেনা ভঙ্গিতে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। গ্যালারি থেকে শুরু করে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ তখন সিআর সেভেনের দিকে। সবাই ধারণা করেছিলেন, পরিচিত সেই পাওয়ারফুল শটে বল জালে জড়াবেন তিনি। কিন্তু মাঠের লড়াইয়ে রোনালদো এদিন দেখালেন ভিন্ন এক জাদু।
শট নেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন রোনালদো। তার এমন শারীরিক ভাষা আর দৃষ্টি দেখে উজবেকিস্তানের রক্ষণ দেয়াল ও গোলকিপার পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েন। সবাই যখন নিশ্চিত যে রোনালদোই শট নিচ্ছেন, ঠিক তখনই তিনি কেবল শট নেওয়ার অভিনয় করে সরে দাঁড়ালেন। আর সুযোগ বুঝে বিদ্যুৎগতিতে শট নিলেন পাশে থাকা নুনো মেন্ডেজ। গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে যায়।
রোনালদোর এই অসামান্য ফুটবলীয় বুদ্ধিমত্তা বা ‘আইকিউ’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুঙ্গে। ম্যাচ শেষে জানা যায়, এই কৌশলটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। ফ্রি-কিকের আগ মুহূর্তে রোনালদো নিজেই মেন্ডেজকে বলেছিলেন গোলকিপারকে ধোঁকা দেওয়ার এই পরিকল্পনার কথা। গোল না করেও কেবল নিজের উপস্থিতিকে কাজে লাগিয়ে কীভাবে প্রতিপক্ষকে এলোমেলো করে দেওয়া যায়, রোনালদো যেন আবারও সেই প্রমাণ দিলেন।
রিপোর্টারের নাম 






















