আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর বিরোধিতা করার বিষয়ে নেতাকর্মীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থীর বিপক্ষে দেশের কয়েকটি স্থানে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানা ধরনের জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুবদলের নেতাকর্মীদের যুক্ত থাকার কিছু তথ্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এটি একটি চূড়ান্ত সতর্কবার্তা—যুবদলের নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে যেন তারা সংগঠনের নীতি, আদর্শ এবং শৃঙ্খলার পরিপন্থী এমন কর্মকাণ্ড থেকে সম্পূর্ণরূপে বিরত থাকেন। বরং, বিএনপির মনোনয়ন পাওয়া ২৩৭ জন প্রার্থীর প্রত্যেকের পক্ষে নিজ নিজ আসনে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার জন্য যথাসম্ভব কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, সংগঠনের এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রমাণ পাওয়ামাত্রই সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























