ঈদ মানেই বিশেষ ‘ইত্যাদি’র হাতছানি। দীর্ঘ ৩৮ বছর ধরে দর্শকমনে স্থান করে নেওয়া এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান এবারও হাজির হচ্ছে নানা চমক নিয়ে। এবারের ঈদের বিশেষ ইত্যাদির একটি মনোমুগ্ধকর দলীয় সংগীতে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। তাদের চমৎকার নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে। ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
বিনোদন, তথ্য ও শিক্ষামূলক পরিবেশনার অনন্য মিশেলে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ বরাবরই দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। হাস্যরসের আড়ালে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরার এক অসাধারণ কৌশল জানেন এই গুণী নির্মাতা। এবারের ঈদের বিশেষ ইত্যাদির দলীয় সংগীতেও সমাজের অবক্ষয় ও অসঙ্গতিগুলো অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। ইত্যাদির প্রতিটি গান যেন শুধু সুরের মূর্ছনা নয়, এক একটি সামাজিক চিত্র। বিনোদনের মাধ্যমে সমাজের ক্ষত নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে এই গানগুলো।
সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের মূল বিষয়বস্তু হলো, সমাজের চারপাশে জালের মতো ছড়িয়ে থাকা মিথ্যা ও দুর্নীতির ভিড়ে হারিয়ে যাওয়া নীতি-নৈতিকতা এবং বাস্তবতা। শৈশবে শেখা নীতিবাক্যগুলো কর্মজীবনে এসে কীভাবে মূল্যহীন হয়ে যায়, সেই গভীর বার্তাটিই তুলে ধরা হয়েছে গানটিতে। এই বিশেষ পরিবেশনায় শরীফুল রাজ ও সাবিলা নূরের কোরিওগ্রাফি সমৃদ্ধ নাচ উপস্থিত দর্শক-শ্রোতাদের দারুণভাবে আকৃষ্ট করেছে।
খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। রাজিব ও তানজিনা রুমা এতে কণ্ঠ দিয়েছেন। ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দলের সঙ্গে রাজ ও সাবিলা নূরের নৃত্য পরিচালনা করেছেন মামুন। জানা গেছে, শিল্পীরা শত ব্যস্ততার মাঝেও এই নাচটিকে সুন্দর করার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। অভিনয় ও নৃত্যের ছন্দে পরিবেশিত এই বর্ণাঢ্য এবং ভিন্নধর্মী দলীয় সংগীতটি দর্শকদের ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে।
বরাবরের মতোই হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত হয়েছে ঈদের এই বিশেষ ‘ইত্যাদি’।
রিপোর্টারের নাম 






















